শেখ হাসিনাকে ফেরত পাঠাতেই হবে, বিচার হবে দেশের আইনে: ডা. জাহেদ উর রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় প্রতিবেদন / ঢাকা / দিগন্ত বাংলা নিউজ

ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চাওয়ার বিষয়ে বর্তমান সরকারের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট ও ধারাবাহিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, তাঁকে প্রত্যর্পণ করতেই হবে এবং বাংলাদেশের প্রচলিত আইনেই তাঁর বিচার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অনড় অবস্থানের কথা তুলে ধরেন।

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত দুটি শর্তের প্রতিবেদন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান স্পষ্ট জানান, কোনো একটি পত্রিকার প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তিনি বলেন, একটি রাষ্ট্র বা সরকার কখনো অফিসিয়ালি যদি কোনো রকম কোনো কথা অপর রাষ্ট্র থেকে না পায় বা না জানে, তাহলে সেটিতে সাড়া দেওয়ার কোনো কারণ থাকে না এবং এটিই একদম সোজাসাপ্টা কথা। পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সমন্বয়ক এ বিষয়ে কথা বলেছেন উল্লেখ করে তিনি জানান, সরকারের মধ্যে এ ধরনের কোনো আলোচনা নেই এবং ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত দেবে বলেও তিনি বিশ্বাস করেন না।

বাংলাদেশের বর্তমান সার্বভৌম অবস্থান ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশের বাস্তবতায় পরিবর্তন এসেছে এবং বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সব দেশের সঙ্গে নিজেদের প্রয়োজনের নিরিখে সম্পৃক্ত হতে চায়; তবে অন্যায় চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে না। বাংলাদেশ আলোচনা করতে ও কথা বলতে আগ্রহী হলেও যেখানে বাংলাদেশ আইনগতভাবে সঠিক অবস্থানে রয়েছে, সেখানে কোনো চাপ বা শর্ত মেনে নেওয়া হবে না বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।

প্রত্যর্পণ চুক্তি ও বিচারিক প্রক্রিয়ার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ যখন আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করেছে, তখন নিশ্চয়ই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নিরিখেই তা করেছে। ভারতের ফৌজদারি আইনে মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার পৃথক বিধান এবং প্রত্যর্পণ চুক্তির ১২ অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা দেওয়ার বিষয়গুলো রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হবে; তবে সরকারের চূড়ান্ত অবস্থান হলো শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে। বাংলাদেশে এই অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এবং আইনমন্ত্রী জানিয়েছেন যে তিনি এখন আর আপিলেরও সুযোগ পাবেন না, যা তাঁর বাবার তৈরি করা আইনই ছিল এবং সরকার ওই আইনটিই অনুসরণ করছে।

ব্রিফিংয়ের শেষ পর্যায়ে তিনি পুনরায় সরকারের মূল অবস্থান স্পষ্ট করে বলেন, সরকারের অবস্থানের মূল কথা হচ্ছে তাঁকে প্রত্যর্পণ করতে হবে, যা তিনি গত ব্রিফিংয়ে বলেছেন এবং সরকারের অন্য মন্ত্রীরাও বলেছেন। আগে শেখ হাসিনা দেশে ফিরবেন কি না—সেটি ভিন্ন বিষয় হিসেবে উল্লেখ করার প্রসঙ্গে তিনি জানান, সেটি একটি সম্ভাব্য বিকল্পের প্রসঙ্গ ছিল; তবে গত সপ্তাহে সরকারের অবস্থান বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং সরকারের বক্তব্যে কোনো অসঙ্গতি নেই। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এস.এইস