সিরাজগঞ্জে জাবালে নূর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ

সদর প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

ইসলামি তাহজিব-তমদ্দুন চর্চার বিকাশ সাধন এবং শিশু শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষাদানে উৎসাহিত করার উদ্দেশ্যে সিরাজগঞ্জে এক প্রশংসনীয় মানবিক ও ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের অন্তর্গত রঘুরগাঁতী (রম্বর শীতী) নতুন ব্রিজের পশ্চিম পার্শ্বে, জনগুরুত্বপূর্ণ হাই মোড় এলাকায় প্রতিষ্ঠিত সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান ‘জাবালে নূর কিন্ডারগার্টেন নূরানী মাদ্রাসা’-র শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে। সামাজিক ও দ্বীনি দায়বদ্ধতার অংশ হিসেবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘নুর এক্সপ্রেস’-এর পক্ষ থেকে এই কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হয়। নতুন কুরআন হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মুখে আনন্দের উজ্জ্বল আভা ফুটে ওঠে।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ১৮টি পবিত্র কুরআন শরীফ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। ইসলামি শিক্ষার সঠিক বুনিয়াদ গড়ে তুলতে এবং শিশুদের কুরআন তিলাওয়াত ও হেফজ অর্জনে আরও বেশি নিষ্ঠাবান করে তুলতেই এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সহীহ কুরআন শিক্ষার আলোয় আলোকিত করার ক্ষেত্রে ‘নুর এক্সপ্রেস’-এর এই সময়োপযোগী ও মহতী পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন মাদ্রাসার পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ, অভিভাবক মহল এবং স্থানীয় ধর্মপ্রাণ এলাকাবাসী।

কুরআন শরীফ বিতরণ উপলক্ষে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত দোয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উল্লেখ করেন, সমাজে যখন অবক্ষয়ের প্রবণতা বাড়ছে, তখন শিশুদের হাতে মহাগ্রন্থ আল-কুরআন তুলে দিয়ে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার এমন আন্তরিক প্রয়াস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতে দ্বীনি শিক্ষার প্রসার এবং মাদ্রাসাটির সার্বিক মানোন্নয়নে সমাজের অন্যান্য বিত্তবান ও মানবিক প্রতিষ্ঠানগুলোকেও এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বিত আধুনিক ধারা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়ে আসছে ‘জাবালে নূর কিন্ডারগার্টেন নূরানী মাদ্রাসা’। ঐতিহ্যবাহী দ্বীনি পাঠ্যক্রম নূরানী ও মক্তব শিক্ষার পাশাপাশি শিশু শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের জন্য মানসম্মত আধুনিক সাধারণ কিন্ডারগার্টেন পাঠ্যসূচি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনা করে আসছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় মূল্যবোধের চমৎকার মেলবন্ধন ঘটানোর কারণে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক সুনাম ও গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।

এস.এইস