উল্লাপাড়ায় করতোয়া ও ফুলজোড় নদীতে অভিযানে ৩ লাখ ৩০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

উল্লাপাড়া প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় করতোয়া ও ফুলজোড় নদীতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধারের পর সেগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত করতোয়া ও ফুলজোড় নদীর বিভিন্ন অংশে পানিতে পেতে রাখা ৪৬টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও জব্দ করেন। অভিযান পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, অভিযানে জব্দকৃত ৪৬টি চায়না দুয়ারি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা এবং জব্দকৃত ২০ হাজার মিটার কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা নিষিদ্ধ জালের মোট আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। জব্দের পরপরই পরিবেশ ও মৎস্যসম্পদ সুরক্ষার স্বার্থে জনসম্মুখে এসব জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এস.এইস