শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
ছবি: সংগৃহীত

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় এক প্রবাসীর নিজ জমিতে আবাসন ও বসতবাড়ি নির্মাণ কাজ পরিচালনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে কাজ বন্ধ করে দেওয়ার অপচেষ্টা এবং পরবর্তীতে অবৈধ চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের অন্তর্গত বাড়াবিল শিমুলপাড়া মহল্লায়। ভুক্তভোগী পরিবারের দাবি, অহেতুক সীমানা ও চলাচলের পথ তৈরির অযুহাত দেখিয়ে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শনসহ বাধা প্রদান করা হচ্ছে, যার ফলে প্রবাসীর কষ্টার্জিত উপার্জনে শুরু হওয়া স্বপ্নের বাড়িটির নির্মাণকাজ সম্পূর্ণ থমকে গেছে।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, বাড়াবিল শিমুলপাড়া মহল্লার বাসিন্দা ও সৌদি প্রবাসী মো. তারেক রহমানের বসতবাড়িতে এই বিতর্কিত পরিস্থিতির উদ্ভব হয়। তারেক রহমান স্থানীয় প্রবীণ অধিবাসী মো. দেরাজ প্রামাণিকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পরিবারের পক্ষ থেকে সরাসরি অভিযোগের আঙুল তোলা হয়েছে তাদেরই প্রতিবেশী আনসার প্রামাণিক এবং তার তিন ছেলে—রোশনাই, আল মাহমুদ ও আলমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তারা জোটবদ্ধ হয়ে অন্যায্য দাবি তুলে কাজ বন্ধ রাখাসহ মানসিকভাবে পরিবারটিকে হেনস্তা করছে।

আরও পড়ুন: ঈদগাঁওয়ে বহুল আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় টমটমচালকের মৃত্যুদণ্ড

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা গত ২৯ জুলাই বুধবার দুপুরে সাংবাদিকদের জানান, নতুন বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় রড, সিমেন্ট, ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে আসার সময় অভিযুক্তরা প্রথম দফায় রাস্তা আটকে বাধা সৃষ্টি করে। সে সময় তারা দাবি করে যে, প্রবাসীর নিজ সীমানার ভেতর দিয়ে তাদের বাড়ির পেছনের জলাশয় বা ডোবায় যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট চলাচলের পথ দিতে হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তীতে এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও প্রতিবেশীদের উপস্থিতিতে প্রবাসীর বাড়ীর পূর্ব পাশের সীমানা প্রাচীর ভেঙে জলাশয়ে যাওয়ার জন্য একটি বিকল্প চলাচলের পথ ছেড়ে দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, ওই ছাড় দেওয়ার পরও শান্ত হয়নি প্রতিপক্ষ। গত বুধবার সকালে যখন নির্মাণকাজের জন্য ইট ও রডবাহী শ্রমিকরা পুনরায় সেখানে উপস্থিত হন, তখন আনসার প্রামাণিক ও তার ছেলেরা আবারো ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের গালিগালাজ শুরু করেন এবং কাজ করতে বারণ করে তাড়িয়ে দেন। এ খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি সম্পর্কে জানতে ও সত্যতা যাচাই করতে সেখানে উপস্থিত হলে অভিযুক্তরা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। শুধু তাই নয়, বাকবিতণ্ডার একপর্যায়ে সেখানে উপস্থিত প্রবাসীর বৃদ্ধ ও অসুস্থ বাবা দেরাজ প্রামাণিককে গায়ের জোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে স্বজনেরা অভিযোগ তোলেন।

আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সঙ্গে ইউএনওপিএস (UNOPS) প্রতিনিধিদলের বৈঠক

ভুক্তভোগী পরিবারটি আরও জানায়, প্রতিপক্ষের অন্যায্য দাবির কোনো শেষ নেই। পূর্বের দেয়াল ভেঙে পথ দেওয়ার পর এখন তারা প্রবাসীর বসতবাড়ির একদম মাঝখান দিয়ে সরাসরি নতুন রাস্তা ছাড়ার দাবি তুলছে; অন্যথায় কোনো অবস্থাতেই বাড়ি নির্মাণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এছাড়া অভিযোগ উঠেছে, অভিযুক্তরা মধ্যস্থতাকারী লোক মারফত প্রবাসীর পরিবারের কাছে ১ লাখ টাকা অফেরতযোগ্য অফার বা চাঁদা দাবি করেছে। দাবি অনুযায়ী ১ লাখ টাকা বুঝিয়ে দিলে আর কোনো বাধা সৃষ্টি করা হবে না বলেও তারা জানান। ফলে তীব্র নিরাপত্তাহীনতা ও হতাশায় দিন কাটাচ্ছে প্রবাসী তারেক রহমানের পরিবার।

অন্যদিকে, উত্থাপিত সকল অভিযোগ এবং প্রবাসীর বাড়ি নির্মাণে বাধার বিষয়ে অভিযুক্ত আনসার প্রামাণিক এবং তার দুই ছেলে আল মাহমুদ ও রোশনাইয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন। তবে রাস্তা নিয়ে বিরোধের কথা স্বীকার করে তারা জানান, ইতিপূর্বে তাদের নিজস্ব জমি দিয়ে পথ ব্যবহার করা হয়েছিল এবং চুক্তি ছিল যে প্রবাসীদের বাড়ির মাঝ দিয়েও সমানভাবে চলাচলের রাস্তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সীমানায় খুঁটিও পোঁতা হয়েছিল। তাদের দাবি, প্রবাসীর বাড়ির মাঝখান দিয়ে চলাচলের রাস্তা না দিলে তারা এ পথ দিয়ে চলাফেরা বা নির্মাণসামগ্রী নিতে দেবে না। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: সরেজমিন ভুক্তভোগী ও প্রতিপক্ষের বক্তব্য, দিগন্ত বাংলা নিউজ।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন