বাবুগঞ্জ প্রতিনিধি / বরিশাল / দিগন্ত বাংলা নিউজ
জীবনের দীর্ঘ সময় প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করে এবং স্বামীর বসতভিটা বিক্রি করে চার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত ও প্রতিষ্ঠিত করেছিলেন এক জননী। অথচ শেষ বয়সে সেই মায়ের ভাগ্যে জুটেছে চরম নিঃসঙ্গতা ও অবহেলা। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি ভাড়া বাসা থেকে পঁচন ধরা অবস্থায় তাহমিনা বেগম (৬৫) নামের সেই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। এই মর্মান্তিক ঘটনাটি পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে মোবাইল ফোনে হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার পঁচিশ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুরে উপজেলার নতুন হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাহমিনা বেগম বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত কদম আলী হাওলাদারের স্ত্রী। প্রায় তিন মাস আগে তাঁর বড় ভাই রমিজ উদ্দিন নতুন হাট এলাকার ওই বাসাটি ভাড়া নিয়ে তাঁকে সেখানে একা রেখেছিলেন। ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগা বৃদ্ধা মহিলাটি বিগত তিন মাস ধরে ওই বাসায় একাই বসবাস করছিলেন।
প্রতিবেশীদের সূত্রে জানা যায়, আজীবন সন্তানদের সুখের কথা ভেবে কঠোর পরিশ্রম করেছিলেন তাহমিনা বেগম। প্রায় কুড়ি বছর আগে স্বামী মারা যাওয়ার পর সন্তানদের রক্ষার্থে তিনি সুদূর সৌদি আরবে পাড়ি জমান। সেখানে প্রায় এক দশক পরিশ্রম করে অর্জিত অর্থ দিয়ে সন্তানদের বড় করেন। তাঁর বড় ছেলে সুমন ঢাকার উত্তরায় ব্যবসা করেন এবং সেখানে তাঁর ছয়তলা ভবন ও বৈদ্যুতিক বোর্ড তৈরির কারখানা রয়েছে। ছোট ছেলে আওলাদও ঢাকায় কাজ করেন এবং দুই মেয়েকে ভালো পরিবারে বিবাহ দেওয়া হয়েছে।
সুপ্রতিষ্ঠিত সন্তানদের মা হওয়া সত্ত্বেও জীবনের শেষ প্রান্তে এসে বাবুগঞ্জের ওই ছোট ভাড়া বাসায় একাকী জীবন কাটাতে হতো তাঁকে। গত দুই দিন ধরে তাঁকে বাইরে দেখা না যাওয়ায় রবিবার সকালে বাসাটির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিক আব্দুর বারেক খোঁজ নিয়ে কক্ষের দরজা খোলা দেখতে পান এবং মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে এই মর্মান্তিক মৃত্যুর পর নিহতের পরিবারের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মৃত নারীর সন্তান ও স্বজনেরা প্রথমে পুলিশকে মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য নিতে বাধা দেন এবং গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করেন। স্থানীয়দের অভিযোগ, বিগত তিন মাসেও তার সন্তানরা একবারের জন্যও মায়ের খোঁজ নেননি।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান যে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক থেকে দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস.এইচ

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।