ভূঞাপুর প্রতিনিধি / টাঙ্গাইল / দিগন্ত বাংলা নিউজ
টাঙ্গাইলের ভূঞাপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এই অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনের সময় এ ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রশাসনিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে উপজেলার গোবিন্দাসী টি রোড এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত সোলাইমান হোসেন লিটন ভূঞাপুর উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি স্থানীয় রাজনীতিতে ‘চার খলিফা’ খ্যাত নেতাদের অন্যতম হিসেবে পরিচিত। ঘটনার দিন ওই এলাকায় ট্রাফিক সার্জেন্ট সবুজ ও তাঁর সহকর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান, অংশ নেবেন ৫ দিনের প্রদর্শনীতে
এ সময় ফিরোজ নামের এক মোটরসাইকেল আরোহীকে সিগন্যালে থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট দেখতে চান সার্জেন্ট সবুজ। কিন্তু আরোহী কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির সময় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা লিটনের সঙ্গে মুঠোফোনে সার্জেন্ট সবুজের কথা বলিয়ে দেন। মোবাইল ফোনে লিটন সার্জেন্ট সবুজকে গাড়ি ছেড়ে দিতে বলেন। পুলিশ কর্মকর্তা রাজি না হলে লিটন দলবল পাঠিয়ে তাঁকে শায়েস্তা করার হুমকি দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।
ক্ষোভ প্রকাশ করে ট্রাফিক সার্জেন্ট সবুজ বলেন, “শিষ্টাচার যেটাকে বলে, সেটা ওনার মধ্যে নেই। উনি সবার সঙ্গেই রূঢ় আচরণে কথা বলেন। তাঁর আচার-আচরণ অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অশালীন। তিনি মুঠোফোনে আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। পোলাপান পাঠাবেন বলে হুমকি দিয়েছেন। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করেছি।” ঘটনার পর সেখানে চরম উত্তেজনা বিরাজ করে এবং পুলিশ কর্মকর্তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল-২ আসনের এমপি আব্দুস সালাম পিন্টু উপজেলা বিএনপির কার্যালয়ে এর তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত নেতাকে সতর্ক করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্ত বিএনপি নেতা লিটন তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন যে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং সেখানে কোনো হুমকির ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান। ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু জানান যে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে সত্যতা সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল ট্রাফিক ইন্সপেক্টর হারুন অর রশিদ জানিয়েছেন যে সার্জেন্ট সবুজ বিষয়টি তাঁকে অবহিত করেছেন।
এস.এইচ
আরও পড়ুন: বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী ও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় রয়েছে: নাহিদ ইসলাম

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।