কালকিনি প্রতিনিধি / মাদারীপুর / দিগন্ত বাংলা নিউজ
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় এ বছর আখের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকদের নিরলস পরিশ্রমে উৎপাদন ভালো হলেও, উপজেলা কৃষি দপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছেন প্রান্তিক চাষিরা। অল্প খরচে অধিক লাভজনক এই ফসল উৎপাদনে কাঙ্ক্ষিত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শরতের স্নিগ্ধ রোদ আর হিমেল বাতাসে দিগন্তবিস্তৃত সবুজ পাতার মড়মড় শব্দ কালকিনি উপজেলার গ্রামীণ জনপদে এক ভিন্ন আবহ তৈরি করেছে। বিশেষ করে আড়িয়াল খাঁ নদের কোল ঘেঁষে অবস্থিত রামচন্দ্রপুর ও খুনের চর গ্রামের মেঠো পথের পাশের মাঠগুলোতে এখন কেবলই আখের সমারোহ। মাটির বুক চিরে জেগে ওঠা এই রসালো আখের মিষ্টি স্বাদের আড়ালে লুকিয়ে আছে স্থানীয় কৃষকদের ঘামঝরানো স্বপ্নের গল্প।
আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাবেক মিস সুইজারল্যান্ডের ভয়াবহ ধর্ষণের অভিযোগ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কালকিনি উপজেলা কার্যালয়ের সূত্রমতে, চলতি মৌসুমে এই উপজেলায় আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৫৫ হেক্টর জমিতে। তবে বর্তমানে ১১৫ হেক্টর জমিতে আখের সফল আবাদ হয়েছে। এই এলাকায় প্রধানত চার ধরনের আখের চাষ সবচেয়ে বেশি হয়। এর মধ্যে রয়েছে সাদা বম্বাই, কাজলী গেন্ডারি, রং বিলাস ও বাঁশ গেন্ডারি। রসালো, মিষ্টি ও সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারসহ আশপাশের এলাকাগুলোতে এই চার জাতের আখের ব্যাপক চাহিদা রয়েছে।
সার ও কীটনাশকের ব্যবহার তুলনামূলকভাবে কম হওয়ায় আখ চাষে উৎপাদন খরচ অনেকটাই সীমিত। স্থানীয় কৃষক জমির মিয়া ও জামাল সরদার নিজেদের সফলতার কথা জানাতে গিয়ে বলেন, অন্যান্য ফসলের তুলনায় আখ উৎপাদনে খরচ কম, তবে লাভের পরিমাণ অনেক বেশি। তাদের দেওয়া তথ্যমতে, বিঘা প্রতি আখ চাষে খরচ হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা। কিন্তু ভালো ফলন ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় এই খরচের বিপরীতে প্রায় চার গুণ পর্যন্ত মুনাফা অর্জন করা সম্ভব হয়। এই আখের চাষাবাদ করে কালকিনির অনেক কৃষক ইতোমধ্যে নিজেদের অর্থনৈতিক দুর্দশা ঘুচিয়ে সচ্ছলতার মুখ দেখেছেন।
অধিক লাভের সুযোগ থাকলেও আক্ষেপ রয়েছে কৃষকদের মনে। তারা জানান, নিজেদের অদম্য চেষ্টা ও হাড়ভাঙা পরিশ্রমের কারণেই মূলত তারা এই সফলতা পেয়েছেন। তবে উপজেলা পর্যায় থেকে তারা সেভাবে কোনো নির্দেশনা বা প্রণোদনা পান না। কৃষকেরা আরো বলেন, চাষিরা নিজেদের চেষ্টা, পরিশ্রম করেই পেয়েছেন সফলতা। তাদের দাবি উপজেলা কৃষি অফিস থেকে সহায়তা কিংবা পরামর্শ পেলেই এ অঞ্চলে ঘটবে আখ চাষে কৃষি বিল্পব।
কৃষকদের এসব অভিযোগ ও আক্ষেপের বিষয়ে কথা হয় কালকিনি উপজেলা কৃষি অফিসার সুদিপ বিশ্বাসের সঙ্গে। তিনি সরকারি বরাদ্দের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, "আখ চাষে সরকারি প্রণোদনা বা বরাদ্দ কিছুটা কম থাকায় মাত্র অল্পসংখ্যক চাষিকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়েছে। সরকারের পক্ষ থেকে আগামীতে আখ চাষির সংখ্যা ও পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে, এবং সে অনুযায়ী প্রণোদনা আরও বাড়ানো হবে এবং কালকিনিতে ছড়িয়ে পড়বে আখের আবাদ।"
স্থানীয়রা মনে করছেন, সরকারিভাবে সঠিক দিকনির্দেশনা ও সহজ শর্তে ঋণ কিংবা প্রণোদনা নিশ্চিত করা গেলে কালকিনি উপজেলার কৃষকেরা আখ চাষে আরও বেশি উদ্বুদ্ধ হবেন, যা সামগ্রিকভাবে দেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও মজবুত করবে।
সূত্র: কালকিনি প্রতিবেদক

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।