বেলকুচি প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলকুচি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এবং বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, জেলা বিএনপির সদস্য গোলাম আজম ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বেলকুচি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার সামগ্রিক বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধ, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি সভায় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ জাগ্রত করা, নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রসারে করণীয় বিভিন্ন বিষয় নিয়েও উপস্থিত সবার মধ্যে মতবিনিময় করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই মতবিনিময় সভার আলোচনা ও দিকনির্দেশনা বেলকুচির শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।