উল্লাপাড়া প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গবাদিপশুর খামার স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। শহরাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, এমনকি বসতবাড়ির আঙিনাতেও গড়ে উঠছে ছোট-বড় অসংখ্য গরুর খামার। দুধ ও মাংসের ক্রমবর্ধমান চাহিদাকে কেন্দ্র করে এই সম্ভাবনাময় খাতে পুঁজি বিনিয়োগ করছেন নতুন নতুন উদ্যোক্তা। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আয় বৃদ্ধির পাশাপাশি গবাদিপশু পালন বর্তমানে উল্লাপাড়ার গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে রূপ নিচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, উল্লাপাড়া উপজেলায় প্রতিদিন আনুমানিক 1 লাখ লিটার গরুর দুধ উৎপাদিত হচ্ছে। ছোট ও বড় মিলিয়ে পুরো উপজেলায় প্রায় 30 হাজার খামারি গবাদিপশু পালনের সঙ্গে যুক্ত রয়েছেন। এসব খামারে ফ্রিজিয়ান ও শাহীওয়ালসহ বিভিন্ন উন্নত জাতের গরু লালন-পালন করা হচ্ছে। খামারিদের ভাষ্যমতে, দুধ ও মাংসের সুষ্ঠু বাজারজাতকরণের সুযোগ থাকায় বাণিজ্যিক খামার গড়ে তুলতে অনেকেই উৎসাহী হচ্ছেন। বিশেষ করে কোরবানির ঈদ, বিবাহসহ নানা সামাজিক অনুষ্ঠানে গরুর মাংসের চাহিদা থাকায় এবং দুধ বিক্রির মাধ্যমে নিয়মিত আয় হওয়ায় খামারিরা লাভবান হচ্ছেন।
একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি কৃষক পরিবারেই গরু-মহিষ পালন ছিল চিরায়ত চিত্র। সময়ের পরিক্রমায় জনসংখ্যা বৃদ্ধি, কৃষিজমির সংকট, কৃষিযন্ত্রের ব্যবহার ও চাষাবাদের ধরন পরিবর্তনের ফলে সেই চিত্রে বড় ধরনের রূপান্তর ঘটেছে। বর্তমানে পারিবারিক পর্যায়ে গরু পালনের পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতে বড় খামার গড়ে তুলছেন উদ্যোক্তারা, যার ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে উল্লাপাড়ার খামারের গরু।
উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের খামারি সোহেল ও ময়দান প্রামানিক জানান, তাঁদের উন্নত জাতের শাহীওয়াল জাতের গাভি রয়েছে। গাভি পালন করেই তাঁদের জীবনে আর্থিক পরিবর্তন এসেছে। প্রতিদিন প্রায় 150 থেকে 200 লিটার দুধ বিক্রি করেন। সব খরচ বাদ দিয়ে বছরে ছয় থেকে সাত লাখ টাকা লাভ থাকে বলে জানান তারা।
উল্লাপাড়া গ্যাসলাইন এলাকার ‘মা-বাবার দোয়া গরুর ফার্ম’-এর মালিক মতিন আলী জানান, তাঁর খামারে বর্তমানে 25টি গরু রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা সরাসরি খামারে এসে গরু কিনে নিয়ে যান। হাটে গিয়ে গরু কেনার ঝামেলা এড়াতে অনেকেই খামার থেকে গরু কিনতে আগ্রহী। তিনি বলেন, গরুর খামার গড়ে তুলে এখন পরিবার-পরিজন নিয়ে আর্থিক স্বচ্ছন্দ্যে জীবনযাপন করছি। এই খামারই আমার পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন।
অন্যদিকে, গ্যাসলাইন হাট এলাকার খামারি বরাত বলেন, তাঁর খামারে বর্তমানে 13টি ষাঁড় রয়েছে। প্রতিটি গরুর আনুমানিক মূল্য ছয় লাখ থেকে সাত লাখ টাকা। খামার থেকে ভালো লাভের আশা করছেন তিনি। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় লাভের পরিমাণ কমেছে বলে জানান এই খামারি।
উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ এম. মতিন বলেন, উপজেলায় প্রায় 30 হাজার খামারি গবাদিপশু পালন করছেন। খামারিদের প্রশিক্ষণ, পশুর চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা করতে পারলে এ খাত থেকে আরও বেশি লাভবান হওয়া সম্ভব। সংশ্লিষ্টদের মতে, সরকারি সহায়তা, মানসম্মত গোখাদ্য ও পরিকল্পিত খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে উল্লাপাড়ায় দুধ ও মাংস উৎপাদন আরও বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং আরও শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।