প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
বগুড়া শহরের তরুণ ও যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে স্বাস্থ্যকর ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে এক সামাজিক ও ক্রীড়াবিষয়ক উদ্যোগ গৃহীত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) ঐতিহ্যবাহী বগুড়া সিটি ক্লাবের আয়োজনে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় স্থানীয় তরুণদের মাঝে ফুটবল সামগ্রী বিতরণ করা হয়। সুস্থ মানসিক বিকাশ ও শারীরিক গঠনে খেলাধুলার ভূমিকা বৃদ্ধিতে সামাজিক এই উদ্যোগ আয়োজিত হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে অনুমোদিত হলো কাঙ্ক্ষিত ‘ক্রীড়াপল্লী’, মাঠপর্যায়ে কার্যক্রম শুরু
উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির মূল পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বগুড়া সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ। স্থানীয় পাড়া-মহল্লার কিশোর ও যুবকেরা যেন অলস সময় না কাটিয়ে মাঠমুখী হতে পারে, সেই উদ্দেশ্যেই এই সামাজিক পদক্ষেপ গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠান ও সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা প্রদান করেন এবিসি ইন্টারনেটের সত্ত্বাধিকারী মোঃ শামীম আকন্দ, সিটি ক্লাবের টিম ম্যানেজার সাগর ইসলাম কাজল এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুজ্জামান। এছাড়া স্থানীয় ক্রীড়ানুরাগী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উক্ত আয়োজনে উপস্থিত থেকে শুভকামনা জানান।
আরও পড়ুন: উল্লাপাড়ায় ওসির কমান্ডে ৬ ঘণ্টার অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার
সামাজিক এই উদ্যোগ প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম কার্যকারী মাধ্যম হলো খেলাধুলা। ভবিষ্যতে এলাকাভিত্তিক তরুণ সমাজকে শারীরিক গঠন ও সুস্থ বিনোদনের সাথে যুক্ত রাখতে এমন সমাজমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে ব্যক্ত করা হয়।
সূত্র: বগুড়া সিটি ক্লাব ও স্থানীয় প্রতিনিধি।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।