বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলল ওমান, ভিসা আবেদন শুরু

বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলল ওমান, ভিসা আবেদন শুরু
ছবি: সংগৃহীত

প্রতিবেদন: শামীম হোসাইন / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশী শ্রমশক্তির জন্য নিজেদের বৈদেশিক কর্মসংস্থানের দ্বার পুনরায় উন্মুক্ত করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপূর্ণ দেশ ওমান। দেশটির মিনিস্ট্রি অব ল্যাবার (শ্রম মন্ত্রণালয়) এবং রয়্যাল ওমান পুলিশের যৌথ নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে বাংলাদেশীদের জন্য নতুন নিয়োগ পারমিটের দাপ্তরিক কার্যক্রম চালু করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রথম ধাপে কৃষি খাতের আওতায় এই ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে নির্মাণ, সেবাসহ অন্যান্য সম্ভাবনাময় পেশাগত খাতেও বাংলাদেশী কর্মী প্রবেশের পথ উন্মুক্ত হবে বলে বিশ্বাস করা হচ্ছে।

আরও পড়ুন: মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নিয়োগ প্রক্রিয়ার বিবরণ অনুযায়ী, ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের (ওএএ) আল ধাহিরাহ অঞ্চলের শাখার তত্ত্বাবধানে রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল থেকে নিয়োগ সংক্রান্ত আবেদনের নথিপত্র গ্রহণ শুরু হয়েছে। ইবরির আল মুরতাফা এলাকায় নির্ধারিত কার্যালয়ে আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত এই আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে। আগ্রহীদের সুবিধার্থে সরকারি কর্মদিবসে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন জমা নেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এতে প্রতিটি নিবন্ধিত কৃষি সংস্থা সর্বোচ্চ ৩৩০ জন পর্যন্ত শ্রমিকের জন্য কোটা আবেদন জমা দেওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন: নওয়াপাড়ায় ১৪১৭ পিস ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার

ভিসা আবেদনের ক্ষেত্রে কড়া শর্তাবলি ও নীতিমালা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারী ওমানি কৃষকদের অবশ্যই ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের বৈধ ও নিবন্ধিত সদস্য হতে হবে এবং ২৫ ওমানি রিয়াল বার্ষিক ফি পরিশোধের প্রমাণ দেখাতে হবে। একই সাথে শ্রম মন্ত্রণালয়ের জারি করা লেবার পারমিট, কৃষি খামার বা জমিসংক্রান্ত মালিকানা সনদ (হিয়াজা), জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। ২০২৬-২০২৭ মৌসুমে চাষযোগ্য জমির পরিমাণ ও পণ্যের বিবরণ সংবলিত ফরম পূরণ করে জমা নেওয়া হবে এবং নথিতে ঘাটতি থাকলে তা সরাসরি বাতিল গণ্য হবে।

ওমান সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন থেকে ভিসার অপেক্ষায় থাকা বাংলাদেশী প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা এবং কর্মসংস্থানপ্রত্যাশী তরুণদের মধ্যে চরম উদ্দীপনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা প্রবাহ বাড়িয়ে দেশের রেমিট্যান্স খাতে এই সিদ্ধান্ত অত্যন্ত পজিটিভ ভূমিকা রাখবে বলে খাতসংশ্লিষ্ট অর্থনীতিবিদদের প্রত্যাশা।

সূত্র: ওমান শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশ।

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন