প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ
দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগের অংশ হিসেবে ‘সুস্বাস্থ্য কর্মী’ পদ নিয়ে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত এমপি উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্যসেবা খাত ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় মাঠপর্যায়ে কর্মরত তিনটি ভিন্ন ধারার কর্মীবাহিনীকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনার বিষয়টি আলোচনায় আসে। স্বাস্থ্য অধিদপ্তর (DGHS), পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP) এবং কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (CHCP)-এর জনবলকে এক ছাতার নিচে এনে ‘সুস্বাস্থ্য কর্মী’ (Health and Wellbeing Assistant - HWA) নামে নতুন পদ তৈরির বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
একীভূতকরণ প্রক্রিয়ার বাস্তব দিকগুলো নিয়ে সভায় গুরুত্বসহকারে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে বেতন গ্রেড বৈষম্য, পদোন্নতির সোপান, শিক্ষাগত যোগ্যতা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো। সংশ্লিষ্ট মহল মনে করছে, মাঠকর্মীদের সমন্বয় করে ‘সুস্বাস্থ্য কর্মী’ নামে একটি নতুন ও মর্যাদাপূর্ণ পদ সৃজনের উদ্যোগ খাতটিতে কার্যকর পরিবর্তন আনতে পারে।
পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও জোরদার করতে 16 হাজারেরও বেশি শূন্যপদে নতুন জনবল নিয়োগ এবং মাঠপর্যায়ের কর্মীদের একক কাঠামোয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা এবং কমিউনিটি ক্লিনিকের মাঠকর্মীদের সমন্বয়ের মাধ্যমে নতুন এই পদ গঠনের রূপরেখা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।