নিজস্ব প্রতিবেদন / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত ‘স্মার্ট-ক্যাটল অ্যান্ড বাফেলো’ উপপ্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় প্রকল্পের অধীনে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন তিনি। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, এনডিপির ক্ষুদ্র উদ্যোক্তা হাসমত আলী, মিজানুর রহমান এবং প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মালেক আকন্দ।
এনডিপি সূত্রে জানা গেছে, স্মার্ট ডেইরি প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১ হাজার ২০৭ জন উদ্যোক্তার খামারে মোট ২৬৫ দশমিক ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল বসানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও ২৩৮ জন উদ্যোক্তার খামারে ৩৮৭ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খামারগুলোর বর্জ্য ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন। ওই সময় খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি এবং তা নানা কাজে ব্যবহারের প্রক্রিয়া তাঁর সামনে প্রদর্শন করা হয়।
এস.এইস

0 মন্তব্যসমূহ
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।