সলঙ্গায় অবৈধ ইটভাটায় জরিমানা, চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো

সলঙ্গা প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে ওই ইটভাটাটির চিমনি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। বৃহস্পতিবার (26 নভেম্বর) দুপুর 1টা 15 মিনিট থেকে 2টা 45 মিনিট পর্যন্ত সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকার মেসার্স সুফিয়া ব্রিকস নামের ইটভাটাটিকে এক লাখ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। পাশাপাশি ভাটাটির চিমনি পুরোপুরি ভেঙে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) আসাদুল ইসলাম। এ সময় অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।

অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা আনসার সদস্য এবং সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা দেয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে যে, পরিবেশদূষণ রোধ এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটার কার্যক্রম বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

এস.এইস