উল্লাপাড়া প্রতিনিধি / সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি জবরদখল করে সেখানে বিএনপির দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে ঘর নির্মাণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিরীহ নাগরিকের সম্পত্তি দখল এবং বাধা প্রদানকারীদের ওপর হামলার এই ঘটনায় স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গত শনিবার বিকেলে উল্লাপাড়া এলাকায় আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এই বেআইনি কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করা হয়।
আরও পড়ুন: সলঙ্গায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে হাবিবুর রহমান জানান যে, উল্লাপাড়া থানা মসজিদের গেটের দক্ষিণ পার্শ্বে তাদের নিজস্ব ও বৈধ দলিলের জমিতে পাকা ভবন ও টিনের গোডাউন রয়েছে। ওই ভবনের অংশ তারা দীর্ঘদিন ধরে বাসা ও দোকানপাট হিসেবে ভাড়া দিয়ে আসছেন। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে উল্লাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে ওই জমিতে চড়াও হয়ে ভাঙচুর চালায়।
এ সময় হামলাকারীরা জমির টিনের বেড়া এলোপাতাড়ি ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। প্রতিবাদ করলে ভুক্তভোগীর ভাতিজা মো. নাজমুল হাসান শরিফকে কিল, ঘুষি ও লাথি মেরে মারাত্মকভাবে জখম করা হয়। পরবর্তীতে পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে সন্তানকে ফাঁসে ঝুলিয়ে হত্যার চেষ্টার ভিডিও ভাইরাল, মা আটক ও দুই শিশু হেফাজতে
জমির মালিকানা জবরদখলের বিষয়ে অভিযুক্ত উল্লাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দাবি করেন, “দখলকৃত জায়গাটি সরকারী। তাই এই জায়গা মৌখিকভাবে পৌরসভা থেকে অনুমতি নিয়ে ঘর তুলছি। আপনারা পৌরসভার কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন। এর বেশি কিছু বলতে পারবো না।”
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, “বিষয়টি সর্ম্পকে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারী জায়গা কার্যালয় করার সুযোগ নেই বলে জানান তিনি।”
এস.এইচ

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।