নিজস্ব প্রতিবেদন / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ
শাহজাদপুর ও সিরাজগঞ্জ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে মূল্যবান আলোচনা করেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর মেলবন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই মূলত এই বিশেষ সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এবং শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান ও নায়েবে আমির আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জের সীমান্তবাজার এলাকায় রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিত্ব করেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি জাফর লিটন, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক হাজী তামিম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানের সভাপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার তাঁর বক্তব্যে স্থানীয় জনগণের সঙ্গে প্রাতিষ্ঠানিক ও সামাজিক সম্প্রীতি বাড়ানোর ওপর জোরালো গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “স্থানীয় কমিউনিটির সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় জনগণের মধ্যে একটি কার্যকর ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।” এলাকার প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ভবিষ্যতে এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: বেলকুচিতে অপহৃত দলিল লেখক উদ্ধার, সাবেক দুই সেনাসদস্য গ্রেপ্তার
সম্প্রতি শিক্ষার্থীদের কেন্দ্র করে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর পরিস্থিতির কথা উল্লেখ করে উপাচার্য অত্যন্ত আবেগঘন ও অভিভাবকসুলভ ভাষায় বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরই সন্তান। তাদের দেখে রাখার দায়িত্বও আমাদের সবার। তাদের শাসন করার পাশাপাশি ভালোবাসা ও সহযোগিতা করার দায়িত্বও আমাদের সবার।” শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনযাপন ও পড়ালেখা চালিয়ে যাওয়ার পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সাংবাদিক সমাজের ভূমিকার কথা তুলে ধরে উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল প্রতিবেদনের মাধ্যমেই কেবল প্রতিষ্ঠানের প্রকৃত রূপ মানুষের কাছে পৌঁছায়। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।” সভার শেষ পর্যায়ে উপস্থিত সকলে এক বাক্যে স্বীকার করেন যে, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় যেকোনো সংকট খুব সহজেই পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শান্তিপূর্ণ সহাবস্থান ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে সবাই একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এস.এইচ

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।