শাহজাদপুরে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শাহজাদপুরে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদন: সুফিয়ান নোমান / শাহজাদপুর / দিগন্ত বাংলা নিউজ

সমাজ থেকে ইভটিজিং, যৌন হয়রানি ও সব ধরনের নারী নির্যাতন চিরতরে নির্মূল করার লক্ষে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় সুধীমহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। নারীর মর্যাদা রক্ষা এবং একটি নিরাপদ ক্যাম্পাস ও সমাজ বিনির্মাণের প্রত্যয়ে আয়োজিত এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: শাহজাদপুরে কমিউনিটি পুলিশিং ও 'বাঁশকল' কর্মসূচি পরিদর্শন করলেন পুলিশ সুপার

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গত মঙ্গলবার বেলা ১১টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তারের নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেন। অত্যন্ত সুশৃঙ্খল এই র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক প্রদক্ষিণ করে ব্যস্ততম বিসিক বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

উক্ত সচেতনতামূলক র‍্যালিতে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাফিজুর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কার্যক্রমে সংহতি প্রকাশ করেন।

আরও পড়ুন: উল্লাপাড়ায় ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখল করে বিএনপি কার্যালয় নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ

র‍্যালি পরবর্তী সময়ে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. নজরুল ইসলামের সঞ্চালনায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথিরা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। তারা বলেন, তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি বখাটে ও অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এছাড়াও স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমানসহ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক প্রমুখ।

এস.এন

আরও পড়ুন: শাহজাদপুরে নানা আয়োজনে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপিত

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন