কামারখন্দে পায়ে পচন ধরা অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

কামারখন্দে পায়ে পচন ধরা অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদন / শাহজাদপুর, সিরাজগঞ্জ / দিগন্ত বাংলা নিউজ

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় চরম দুর্দশাগ্রস্ত ও গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটানো প্রায় চল্লিশ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার মানবিক ঘটনা ঘটেছে। দীর্ঘ দুই দিন ধরে তীব্র যন্ত্রণায় সড়কের পাশে কাতরালেও তার সুচিকিৎসার ব্যবস্থা হয়নি। পরবর্তীতে স্থানীয় সচেতন যুবকদের উদ্যোগে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। অসহায় এই মানুষটির এখনো কোনো পরিচয় বা স্বজনদের সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে কামারখন্দ উপজেলার চরটেংরাইল মোড় এলাকা থেকে ওই অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করা হয়। ধোপাকান্দি গ্রামের বাসিন্দা সজিব হোসেনসহ দুজন তরুণ তাকে উদ্ধার করেন। তারা জানান, গত দুই দিন ধরে আনুমানিক চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি সড়কের পাশে অত্যন্ত মানবেতর অবস্থায় শুয়ে কাতরাচ্ছিলেন। এ সময় তার বাম পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর তারা দ্রুত এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: ফরিদপুর মেডিকেলে ট্রলি না পেয়ে কোলে অক্সিজেন নিয়ে ছোটাছুটি, পথেই শিশুর মৃত্যু

উদ্ধারকারী সজিব হোসেন জানান, ধোপাকান্দি গ্রামের বাসিন্দা হিসেবে তিনি ওই এলাকায় গত দুই দিন ধরে ওই ব্যক্তিকে মারাত্মক জখম নিয়ে পড়ে থাকতে দেখেন। পা থেকে রক্ত পড়ার বিষয়টি দেখে তারা দেরি না করে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তার অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

অজ্ঞাত ব্যক্তির শারীরিক অবস্থা প্রসঙ্গে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নয়ন মিয়া জানান, বিকেলে দুই যুবক অজ্ঞাত ওই ব্যক্তিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার বাম পায়ে পচন ধরেছে এবং সেখানে পোকা হয়েছে। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দীর্ঘ দুই দিন ধরে যন্ত্রণায় কাতড়ানো এবং বর্তমানে চিকিৎসাধীন থাকা ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার প্রকৃত নাম বা পরিবারের খোঁজ না মেলায় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে দ্রুতই এই অসহায় মানুষটির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এস.এইচ

আরও পড়ুন: পাংশায় প্রবাসীর মৎস্য প্রকল্পে হামলা, কলাগাছ কাটা ও বিষ প্রয়োগে মাছ নিধন, গ্রেপ্তার ১

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন