দেশে আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পরশুরাম প্রতিনিধি / ফেনী / দিগন্ত বাংলা নিউজ

আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান আইন নিশ্চিত করতে বর্তমান সরকার সর্বশক্তি দিয়ে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনী জেলার পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক বৃহৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। দীর্ঘ ১৭ বছর ধরে চলা স্বৈরাচারী শাসন, ভোটাধিকার হরণ এবং মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার দীর্ঘ ইতিহাস তুলে ধরে তিনি জানান যে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি এ দেশের সচেতন জনগণ বিএনপিকে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব অর্পণ করেছে। 

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার সুদূরপ্রসারী চক্রান্ত চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল ও কুচক্রী মহল বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, খাল খনন এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালুর মতো জনকল্যাণমূলক পদক্ষেপে বিঘ্ন ঘটলে দিনশেষে সাধারণ মানুষেরই ক্ষতি হবে বলে তিনি সতর্ক করেন। বক্তব্যে নির্দিষ্ট কোনো দলের নাম উচ্চারণ না করে তিনি ‘রাজনৈতিক দল’ ও ‘গুপ্তদল’ শব্দদ্বয় ব্যবহার করে তীব্র সমালোচনা করেন।

এ সময় বিগত দিনের ইতিহাস ও বর্তমান কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা দেখেছি, এই রাজনৈতিক দল—যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে—১৯৭১ সালে তাদের কী ভূমিকা ছিল। মনে আছে আপনাদের? আমরা দেখেছি, তারা সেই সময় কীভাবে বিভিন্ন অন্যায় করেছিল, কীভাবে মা-বোনদের হয়রানি করেছিল, মা-বোনদের ওপর নির্যাতন করেছিল। যেভাবে তারা মা-বোনদের ওপর নির্যাতন করেছিল, ঠিক একইভাবে আমরা দেখছি আবার তাদের সেই নারী নির্যাতন শুরু হয়েছে। আমরা দেখছি, এই গুপ্তবাহিনীর কিছু সদস্য কীভাবে নারীদের ওপর নির্যাতন করছে এবং শুধু নির্যাতন করেই তারা ক্ষান্ত হয়নি। তদন্ত চলছে। যে বিষয়টি তদন্তাধীন, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু মানুষ বলে, শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি। একটি মানুষের জীবনাবসান করে দিয়েছে তারা। 

সমালোচকদের কঠোর ভাষায় হুশিয়ার করে প্রধানমন্ত্রী আরও বলেন, “দয়া করে নিজের ঘরের দিকে আগে তাকান। নিজের ঘরের লোকেরা কীভাবে নারী নির্যাতন করছে, সেটি আগে সামাল দেন, তারপর অন্যকে কিছু বলতে আসেন।” উল্লেখ্য, পরশুরামের এই উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণসহ ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

এস.এইচ

আরও পড়ুন: ইসরায়েলগামী বিমানে পাইলটদের রক্তক্ষয়ী সংঘর্ষ ও বিধ্বস্তের চেষ্টার ঘটনায় নেতানিয়াহুর চাঞ্চল্যকর মন্তব্য

Post a Comment

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন