বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত পরিস্থিতির মধ্যেই সুসংবাদ হয়ে আসছে বিপুল পরিমাণ জ্বালানি তেলের চালান। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে বেশি পরিমাণ ডিজেল নিয়ে চারটি বিশাল জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এসব ট্যাংকারে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল বহন করা হচ্ছে, যা দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে।
জানা গেছে, শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজগুলো হলো— এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু। এছাড়া বাকি আরেকটি ট্যাংকার এমটি গোল্ডেন হরাইজন আগামী রোববার এসে পৌঁছাবে বলে জানা গেছে।
চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্যাংকার জাহাজ বন্দরে পৌঁছাবে এবং নির্দিষ্ট সময়ে তেল খালাস কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় সাড়ে ১২ হাজার টন। সেই হিসাবে, নতুন আসা এই ১ লাখ ৪১ হাজার টন ডিজেল দিয়ে দেশের অন্তত ১২ দিনের একটানা চাহিদা মেটানো সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।