এক প্রেমিকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ/ প্রিয় তুমি কার ?

এক প্রেমিকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ/ প্রিয় তুমি কার ?
নিজস্ব প্রতিবেদক | দিগন্ত বাংলা নিউজ

​১৯৯৬ সালের এন্ড্রু কিশোর ও কনকচাঁপার সেই জনপ্রিয় গান ‘বিধি তুমি বলে দাও আমি কার’—যেখানে রূপালী পর্দায় শাবনূরের মন পেতে শাকিব খান ও আমিন খানের প্রতিযোগিতা ছিল। তবে সিনেমার সেই কাহিনীকে হার মানিয়ে এবার বাস্তব এক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে দুই ছাত্রের বিরোধ গড়িয়েছে হাতাহাতি ও বিশৃঙ্খলা পর্যন্ত।

​ঘটনার সূত্রপাত:

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৬৪ ব্যাচের এক ছাত্র এবং একই ব্যাচের এক ছাত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ উঠেছে, পশুপালন অনুষদের ৬৩ ব্যাচের এক শিক্ষার্থী ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে মেসেজ দিয়ে বিরক্ত করে আসছিলেন।

​বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে কৃষি অনুষদের ৬৩ ও ৬৪ ব্যাচের ‘জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা’ চলাকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষ মীমাংসায় বসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়।

ক্যাম্পাসে উত্তেজনা ও অনুষ্ঠান স্থগিত:

ব্যক্তিগত এই বিরোধের রেশ দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে মাঝপথেই স্থগিত করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ প্রতীক্ষিত একটি অনুষ্ঠান পণ্ড হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

প্রশাসনের বক্তব্য:

খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী ও সিনিয়র শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

​এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তখন দুই গ্রুপ আলাদা হয়ে গিয়েছিল, তবে পুনরায় সংঘর্ষের আশঙ্কা ছিল। আমরা তাদের বুঝিয়ে শান্ত করি এবং তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করে।”

​তিনি আরও জানান, “মারামারির ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ যারা নষ্ট করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

​বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে এবং প্রক্টরিয়াল বডি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


1 মন্তব্যসমূহ

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

  1. খবরের সত্যতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখার জন্য ধন্যবাদ। বর্তমান সময়ে সঠিক তথ্য জানাটা খুবই জরুরি। দিগন্ত বাংলা নিউজ-এর জন্য শুভকামনা রইল।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত আমাদের জানান। কোনো উসকানিমূলক বা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

নবীনতর পূর্বতন